Bird taking bath on nature

গরমে পাখির যত্ন নিতে করণীয় বিষয় কি কি ?

গরমের তীব্রতা পাখির শরীরে বড় ধরনের প্রভাব ফেলে। অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক সময় পাখি হিট স্ট্রোক করে মারা যায়। এমনকি যদি তাৎক্ষণিক মৃত্যু না-ও হয়, তবুও পরে তাদের ব্রিডিং ক্ষমতা অনেকটা কমে যেতে পারে। তাই সমস্যার পর সমাধান নয়, বরং আগে সচেতন হওয়াটাই সবচেয়ে ভালো পথ।

খাদ্য ব্যবস্থাপনা

  • প্রতিদিন পাখিকে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি দিন।
  • প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম বা কমার্শিয়াল এগফুড সপ্তাহে এক বা দুই দিন দিলেই যথেষ্ট—তাও অল্প পরিমাণে। খুব গরমে এসব পুরোপুরি বন্ধ রাখাই ভালো।
  • অতিরিক্ত গরমে সফট ফুড ৩-৪ ঘণ্টার বেশি রাখা উচিত নয় এতে পাখির অসুস্থ হতে পারে।
  • ডাল মিশ্রিত খাবার অল্প করে দেওয়া যেতে পারে।
  • সিড মিক্সে তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখী, হেম্পসিড, কুসুম ইত্যাদির পরিমাণ কমিয়ে দিন।
  • সপ্তাহে ২-৩ দিন অ্যালোভেরা পানিতে বা সফট ফুডে মিশিয়ে দিন।
  • লেবু মিশানো পানি সপ্তাহে ২ দিন দিতে পারেন, তবে ৬ ঘণ্টা পর তা ফেলে নতুন পানি দিন।
  • পাখিকে সপ্তাহে ১-২ দিন ফ্রেশ ডাবের পানি দিতে পারেন। ডাবের পানি ৪-৫ ঘণ্টার বেশি রাখবেন না।
  • তবে শুধু খাবার কমিয়ে দিলেই হবে না, পুষ্টির দিকেও খেয়াল রাখতে হবে।

গোসল ও পানি ব্যবস্থা

  • পাখির গোসলের জন্য পরিষ্কার ঠান্ডা পানি দিন। খাবার পানি দিনে দুই বার বদলানো ভাল।
  • পাখি নিজে গোসল করতে না চাইলে হালকা করে স্প্রে করে দিতে পারেন, কিন্তু মাত্রাতিরিক্ত নয়।
  • পরিবেশ ঠান্ডা রাখতে ছাদ বা ফ্লোরে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে পারেন।

খাবার দেবার সময় ও পরিবেশ

গরমকালে পাখির শরীরের উপর তাপমাত্রার প্রভাব অনেক বেশি পড়ে, তাই খাবার দেওয়ার সময় এবং আশেপাশের পরিবেশের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। এই দুটি বিষয় পাখির স্বাভাবিক কার্যকলাপ, হজম প্রক্রিয়া এবং বাচ্চাদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

  • গরমের দিনে ভোরবেলায়, সূর্য ওঠার পরপরই খাবার দিয়ে দেওয়া উচিত। এই সময়ে পরিবেশ ঠান্ডা থাকে এবং পাখিরা সবচেয়ে বেশি সক্রিয় ও খেতে আগ্রহী থাকে।
  • যেখানে পাখি থাকে, সেই রুমে পর্যাপ্ত আলো থাকা ভালো, তবে সরাসরি সূর্যের তাপ যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে।
  • রুমে বাতাস চলাচলে যেন বাধা না পড়ে। রুমে প্রয়োজনে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন।
  • ফ্যানের সামনে ঠান্ডা পানি বা বরফ দেওয়া পাত্র রেখে পরিবেশ ঠান্ডা রাখার ব্যবস্থা করা যেতে পারে।
  • ঘরে ফ্যান থাকলে ভালো, তবে সরাসরি হাওয়া লাগানো যাবে না। মুভিং ফ্যান বা প্রয়োজনে এয়ার কুলার ব্যবহার করুন।
  • হ্যান্ডফিডিং বেবিদের তাপমাত্রা ঠিকঠাক জায়গায় রাখলে স্প্রে করার দরকার হয় না।
  • গরমে পাখিদের বিশ্রামে রাখা উত্তম। এ সময় ব্রিডিং এড়িয়ে চলুন।

 সাপ্লিমেন্ট ও বিশ্রাম

  • গরমের সময় সাপ্লিমেন্ট বন্ধ রাখা ভালো। দরকার হলে ভোরে সাপ্লিমেন্ট যুক্ত পানি দিয়ে স্বল্প সময় রাখুন, এরপর নরমাল পানি দিন।
  • পাখির ঘুম যেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন হয়, সেটাও নিশ্চিত করুন। এতে তাদের শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ভিটামিন ও ইলেকট্রোলাইট

  • ভিটামিন C সমৃদ্ধ খাবার যেমন লেবুর রস ( পানিতে মিশিয়ে ) , মরিচ, পেয়ারা ইত্যাদি দিতে পারেন। এছাড়া Cevit-vet অথবা Rena-C ( লিটারে ১ গ্রাম ) দিতে পারেন।
  • ইলেকট্রমিন অথবা গ্লুকোলাইট ( লিটারে ১ গ্রাম) ব্যবহার করতে পারেন।

কমেন্ট করুন

স্টার চিহ্নিত (*) ফিল্ডগুলো আবশ্যিক